টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
টাঙ্গাইলে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মা-মেয়েসহ দুজন ঘটনাস্থলে নিহত হন।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বাগবাড়ি এলাকায় তেলবাহী ট্রাক পেছন থেকে ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় ট্রাকচাপায় ছানোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। ছানোয়ার হোসেনের গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার জোনাকিপুর গ্রামে। তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকায় ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুনঃ খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা





